Saturday, March 15, 2008

পুরির গল্প

পুরির গল্প


গল্পটা আসলে পুরির। চা-পুরি-সিঙ্গারা’র পুরি; সিলেটী পুরি, উৎপল বসু’র পুরি-সিরিজের পুরি কিংবা অন্য আর কিছুই না। খুবই বেদনাদায়ক ঘটনা এইটা। চূড়ান্ত অসাফল্যের একটা ইতিহাস, না-পারার একটা করুণ অধ্যায়।

তখন আমার বয়স দশ। শৈশব শেষ হচ্ছে প্রায়। একটু একটু কিশোর। পাড়ার মাঠ ছেড়ে রেলের মাঠে যাই মাঝে মাঝে। মাঝে মাঝে বাজারে যাই আব্বার সাথে। বাজার শেষে রিকশা করে দিলে একা একা বাসায় ফিরতে পারি। ইত্যাকার সব লক্ষণ। মানে আমি বোঝাতে চাইতেছি যে, আমি তখন আসলে আর শৈশবের ভিতর নাই। কিন্তু আমার সর্ম্পকে তখনও নর-নারী ভেদ পুরাপুরি ঘটে নাই। নানুবাড়ি গেলে নানা-নানির সাথে এক বিছানাতেই থাকি। একটা বিহ্বল অবস্থার সূত্রপাত তখনও শুরু হয় নাই। তখনও আমি কিশোর হওয়ার যোগ্যতাগুলির ভিতর দিয়ে যাওয়া শুরু করি নাই।

পড়ি ক্লাস ফাইভে। পৌরসভার মডেল প্রাইমারী স্কুলে। আমি বলছি, আশির দশকের মাঝামাঝির একটা সময়ের কথা। কিন্ডারগার্ডেন স্কুল তখনও চালু হয় নাই সেখানে। পৌরসভার মধ্যে নামকরা প্রাইমারী স্কুল। পৌরসভার তথা সমস্ত উপজেলার টেণ্টেলপুল বৃত্তির একটা বড় অংশ এই স্কুল থেকে আসে। আমাদের আগের ব্যাচে উপজেলার সাতটা টেণ্টেলপুল বৃত্তির পাঁচটাই এই স্কুলের ছিল। গল্পের এবং স্কুলের সাফল্যের সীমানা এই পর্যন্তই। এরপর থেকে আমার অধ্যায়, ব্যর্থতা আর অসাফল্যের গাঁথা। সেই ইতিহাসের বিবরণটা এবার পেশ করি।

আমি যখন ক্লাস ওয়ান থেকে অ্যাকাডেমিক প্রতিযোগিতার ভিতর যাত্রা শুরু করি, সম্ভবত তখন থেকেই র্ফাস্ট হওয়ার প্রতি আমার এক ধরণের ভীতিই বলতে হবে এখন, তা ছিল। কারণ আমি কখনোই র্ফাস্ট হতে পারতাম না, বিশেষ করে বার্ষিক পরীক্ষায়। যখন ক্লাস ওয়ান থেকে ক্লাস টু তে উঠি, ভুল করার সম্ভাবনা আমার খুবই কম ছিল, আম্মা-আব্বা, বিশেষ করে বড় ভাই এর তত্ত্বাবধানে। তথাপি আমি তা পারি নাই। কারণ আমার হাতের লেখা যথেষ্ঠ পরিমাণ খারাপ হওয়ায়, একই নম্বর পাওয়ার পরও আমাকে সেকেন্ড ঘোষণা করা হয়। তবে রোল নম্বর আমার এক থাকে, বি সেকশনে। ক্লাস টু থেকে আমি ফোর্থ হয়ে ক্লাস থ্রি তে উঠি, পরিবারের নানা কটুবাক্য সহ্য করে এবং নিজের দিক থেকে কোনরকম গ্লানি ও জটিলতা ছাড়াই। থ্রি থেকে ফোর এ উঠার সময় আবারও সেকেন্ড হই, নিজের দিক থেকে কোনরকম গ্লানি ও জটিলতা ছাড়াই। কিন্তু পরিবারে কিছুটা শান্তি আসে এবং পাশাপাশি এই বোধটা দৃঢ় হয় যে, এই ছেলে কখনোই র্ফাস্ট হতে পারবে না। কেননা, র্ফাস্টের সাথে আমার ব্যবধান ছিল যোজন যোজন। আর র্ফাস্টওলাও আমার উপর খুব খুশি এইরকম সেকেন্ড পেয়ে। আর আমিও ঈর্ষান্বিত নই। এইরকম খুশি খুশি র্ফাস্ট-সেকেন্ড আমার ধারণা খুব কমই দেখা যায়।

কিন্তু ট্রাডেজীটা ঘটে তার পরেই। এই কম্পিটিশন না থাকাটা র্ফাস্টের পরিবার মানতে পারে না, একই সিচুয়েশন ক্লাস ফ্লোর এ উঠার সময় ঘটলে, তারা তাকে নিকটস্থ হাইস্কুলের প্রাইমারী সেকশনে দাখিল করেন, আরো কম্পিটিশন মোকাবিলা করে হাইস্কুলের ভ্িবষ্যত প্রতিযোগিতার জন্য যোগ্য করে তোলবার আশায়। কিন্তু বিপদ হয় স্কুলের এবং আমার। আমি র্ফাস্ট হতে পারি না আর ভালো স্কুলের প্রতিনিধিত্ব করার মতো মেরিট ছাত্র আর খুঁজে পাওয়া যায় না। উপরন্তু ভয়, যদি আমাকে কাট দেওয়ার প্ল্যান করেন, আমার পরিবার। কিন্তু আমার পরিবারে তখন স্বস্তির হাওয়া, এইবার তো অন্তঃত র্ফাস্ট হতে পারবে! কারণ তৃতীয় বা চতুর্থ বলে কাউকে খুঁজে পাওয়া ছিল আরো মুশকিল। কিন্তু যথারীতি আমি র্ফাস্ট হতে ব্যর্থ হই, প্রথম সাময়িকী পরীক্ষায়।

কারণ তখন উত্থান ঘটে নারীবাদের। দুই দুইজন নারী আমার সাথে র্ফাস্ট হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হন। একজন র্ফাস্ট এবং একজন থার্ড হন। কম্পিটিশন জাগিয়ে তোলেন। যেহেতু তারা মেয়ে, আমি খুব একটা মাইন্ড করি না, কিন্তু একটু একটু খারাপ লাগে যখন লোকজন বলে যে, শেষ পর্যন্ত মেয়েদের তলে পড়লি! সম্ভবত তখন থেকেই আমার মধ্যে নারীবাদের প্রতি সহানুভুতি জাগতে শুরু করে, পাল্টা যুক্তি দিতে গিয়ে যে, মেয়েরা কী ছাত্র না! ওরা র্ফাস্ট হতে পারবে না কেন? কিন্তু এই যুক্তি আমাকে শান্তি বা স্বস্তি কোনটাই দিতে পারে না। এর পরিত্রাণ হিসাবে পড়াশোনার চিন্তা খানিকটা স্থগিত রেখে আমি খেলাধুলায় মনোনিবেশ করতে শুরু করি।

মোটা দাগে, পরিস্থিতিটা এই।

আর তখনই খবর আসে যে, ইন্টারস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, উপজেলায়। এই প্রতিযোগিতাকে সামনে রেখে আমি দুইটা খেলায় পারদর্শিতা অর্জনের চেষ্টা করি। একটা হচ্ছে একশ মিটার লম্বা দৌড় আর দ্বিতীয়টা হচ্ছে অংক দৌড়। প্রথমটা ব্যাখ্যা করার কিছু নাই। কিন্তু দ্বিতীয়টার নিয়মগুলি সর্ম্পকে একটু বলি। প্রত্যেক প্রতিযোগীর হাতে একটা খাতা এবং কলম থাকবে। মাঠের মাঝখানটাতে ব্ল্যাক বোর্ডে একটা অংক দেয়া থাকবে। বাঁশি ফু দেয়ার সাথে সাথে প্রত্যেক প্রতিযোগীকে দৌড় শুরু করতে হবে। ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে অংকটা দেখে, তার সমাধান করে বাকি মাঠ দৌড় দিয়ে শেষ করতে হবে। যে অংকটা ঠিকভাবে করে সবচেয়ে আগে দৌড়ে শেষ প্রান্তে পৌঁছতে পারবে, সে র্ফাস্ট হবে। মানে, কেউ আগে দৌড় শেষ করতে পারে, কিন্তু অংক ভুল হলে কোন লাভ নাই। প্রতিযোগিতায় ভালো করার মূল শর্ত দ্ইুটা, ভালো দৌড়াতে হবে এবং দ্রুত অংক করতে জানতে হবে। আমি যেহেতু একটু দৌড়াতেও পারি এবং র্ফাস্ট /সেকেন্ড হওয়ার অভ্যাস আছে, আমার জন্য এই খেলায় ভালো করার সব সম্ভাবনাই ছিল। আর সত্যি সত্যি সেটা হয়েছিলও।

স্কুলের মধ্যে প্র্যাকটিস করার সময় দৌড়ে ফার্স্ট বা সেকেন্ড হতে শুরু করি; আর অংক দৌড়ে স্কুলে ফার্স্ট তো আমি হই-ই, কিন্তু সেকেন্ড আর খুঁজেই পাওয়া যায় না। দেখা যায়, আমি অংক-দৌড় শেষ করে, কল থেকে পানি খেয়ে ফিরে আসার পরও যারা দৌড় শেষ করে আসছে, তাদের অংক পরীক্ষা করে সেকেন্ড নির্ধারণের প্রক্রিয়া চলছে। প্রতিটি খেলায় প্রতি স্কুল থেকে দুইজন করে অংশ নিতে পারবে। আমি একশ মিটার লম্বা দৌড় এবং অংক-দৌড় এর প্লেয়ার। কিন্তু আমাদের স্কুল থেকে অংক দৌড় এর জন্য সেকেন্ড আর কাউকে পাওয়াই গেলো না। তাই আমিই একমাত্র।

আমি খুবই খুশি হয়ে উঠি আমার নিজের কিছু করার মতো এই জায়গাটা পেয়ে। ভবিষ্যত সাফল্যের স্বপ্ন দিনে এবং রাতে সবসময় দেখতে শুরু করি। পরিকল্পনা করতে থাকি কি করে আমি আরো দ্রুত দৌড়াতে পারি, দৌড়টা কিভাবে শুরু করবো, অংক করার সময় কোন ভঙ্গিতে বসতে হবে, ইত্যাদি। আর অংক তো আমি পারিই। ফার্স্ট হই বা সেকেন্ড হই অংক পরীক্ষায় হায়েস্ট মার্কস আমার থাকেই। মেয়েরা এতোটা ভালো অংক করা তখনও শিখে নাই।

দেখতে দেখতে একসময় প্রতিযোগিতার দিন চলে আসলো। প্রথমে পৌরসভা এবং ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা হবে, তারপর উপজেলা পর্যায়ের খেলা। আমরা জানতাম যে, পৌরসভার প্রতিযোগিতাটা আমাদের স্কুলেই অনুষ্ঠিত হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর ঘটলো না। কারণ আমাদের স্কুলের মাঠটা আবার ঈদগাঁ’রও মাঠ। খেলাধূলার প্রতিযোগিতা করে সেই মাঠ নষ্ট করা যাবে না। তাই অন্য আরেকটা স্কুল ঠিক করা হলো। যদিও সেই মাঠটা ছোট।

আমরা সকাল নয়টার মধ্যে সেখানে পৌছে গেলাম। সব মিলিয়ে আট দশটা খেলা হবে হয়তো। কিন্তু আমার অন্য কোন বিষয়েই মনোযোগ নাই। শুধুমাত্র আমার অংশগ্রহণের দুইটি খেলা ছাড়া।

প্রথমে হিট। মানে, বিশ/বাইশ জনের মধ্যে থেকে প্রথম আটজনকে মূল প্রতিযোগীতার জন্য বাছাই করা হবে। গোল-দৌড় আর মোরগের লড়াইয়ের পর একশ মিটার লম্বা দৌড় এর ডাক পড়লো। হিটে আমি সপ্তম বা অষ্টম হয়ে মূল প্রতিযোগিতার জন্য কোয়ালিফাই করি। হিটের কিছুক্ষন পরই মূল প্রতিযোগিতা। যথারীতি আটজনের মধ্যে আমি সপ্তম বা অষ্টম হই, তবে দৌড়টা শেষ করি। আমার তেমন কোন খারাপ লাগে না। তারপরও হেডস্যার এসে সাত্বনা দেন, এটা কিছু না, অংক-দৌড় এ ফার্স্ট হলেই হবে। আমারও প্ল্যান আসলে ওইটাই।

কিন্তু অংক-দৌড় হবে সবার শেষে। দুপুর প্রায় দুইটা। প্রথমে হিট । সেই মাহেন্দ্রক্ষণ। আমিও তৈরী। খাতা আছে। হার্ড কাভারের, বসে হাঁটুতে রেখে লিখতে সুবিধা হবে। কলম আছে দুইটা। হেডস্যার আরেকটা দিলেন। কলমের সমস্যার জন্য যাতে কোন ঝামেলা না হয়।

লাইনে গিয়ে দাঁড়ালাম। বাঁশিতে ফুঁ পড়লো। আমি দৌড় দিলাম। আমার আগে আরো দুই তিনজন পৌঁছে গেছে। আমি ঘাবড়াই না। জানি অংকটা ঠিক করতে হবে। অংকটা কঠিন না। আমি পারছি। এর মধ্যেই একজন উঠে দৌড় দিল। তাজ্জব ব্যাপার! এর মধ্যেই হয়ে গেল! আমার আরো কিছুক্ষণ সময় লাগবে। আর কেউ না গেলেই হয়! আমার হাত কাঁপছে। অংকটা হয়ে আসছে। সময় লাগছে। কিন্তু হয়ে যাবে। হয়ে যাচ্ছে প্রায়। আর এই সময়ই যে ছেলেটা শেষ করে চলে গিয়েছিলো সে আবার দৌড়ে আসছে। আমার অংক করা শেষ। আমি জানি আমার অংকটা ঠিক হয়েছে। এইবার উঠে দৌড় দিই। আমার আগে আর কেউ পৌঁছতে পারে নাই। আমার খাতা জমা দিয়ে দিই। আমার মুখে তৃপ্তির হাসি। এতক্ষনে আরো একজন দুইজন আসতে শুরু করছে। সেই ছেলেটাও আসছে। অংক চেক করার পর দেখা গেলো অংক ঠিক হয়েছে। তারমানে আমিই র্ফাস্ট। তা তো আমি হবোই! এখন শুধু ফাইনালটা বাকি!!

ফাইনাল অংক-দৌড়, কিছুক্ষণ পর। পানি পিপাসা লাগছে। হেডস্যার বললো, বেশি পানি না খেতে। অল্প একটু খেলাম। তারপর লাইন গিয়ে দাঁড়ালাম। এখন প্রতিযোগী অনেক কম। যে ছেলেটা গতবার আগে দৌড় দিয়েছিল, এবার সে আমার পাশে এসে দাঁড়িয়েছে। খেয়াল করলাম। কিন্তু পাত্তা দিলাম না। আবারও সব কিছু তৈরী। র্বাশিতে ফুঁ পড়লো। দৌড় দিলাম। এবারও দুই তিনজনের পরই, অংকের কাছে পৌঁছলাম। কিন্তু আমলে নিলাম না, দৌড়বিদরা সব অংক করতে পারলেই হইতো! এবার অংকটা আগেরটার মতোই। একটু তাড়াতাড়ি করার চেষ্ট করলাম। আমার অংকটা শেষ হয়ে আসছে। শেষ করলাম। একটু চেক করতে করতে উঠে দাড়াচ্ছি, এমন সময় আমার পাশ থেকে সেই ছেলেটা দৌড় দিল। আমিও দৌড়াতে লাগলাম। কিন্তু তার থেকে একটু পিছনে। আমি বুঝতে পারলাম, কী ঘটেছে। কেন আমি এবারও সেকেন্ড হবো। র্ফাস্ট হবো না এইবার আর। আমরা দুইজনই পৌঁছেছি, অংক শেষ করে। ওরটা আগে চেক হচ্ছে। আমি আমার খাতা দিয়ে দাঁড়িয়ে আছি। এরপর আমারটা চেক হবে। যদি ওর অংকটা এবারও ভুল হয়! কিন্তু সেটা যে হবে না তাও আমি বুঝতে পারছি। ছেলেটা আমার মতোই বা হয়তো আমার চেয়েও ভালো। প্রথমবার ও বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলো। দ্বিতীয়বার সে সেটাকে শুধরে নিয়েছে। স্পীড এর স্ট্যান্ডার্ড হিসাবে আমাকে বেছে নিয়েছে। আমি অংক শেষ না করা পর্যন্ত সে সময় নিয়ে তার অংকটা চেক করেছে। আর আমি উঠার আগেই সে দৌড়টা শুরু করে দিয়েছে। আসলে প্রতিটা খেলাতেই জিততে হলে যোগ্যতার পাশাপাশি কম্পিটিশন এর মাত্রাটা বোঝাও জরুরী। অংক চেক করার পর রেজাল্ট ঘোষণা করা হলো। ছেলেটা র্ফাস্ট হয়েছে। আর আমি আবারও সেকেন্ড। তবে উপজেলার প্রতিযোগিতায় প্রথম দুইজন যাবে। তাই আরেকটা চান্স থাকলো।

সপ্তাহ খানেক পরে, উপজেলার প্রতিযোগিতা। তবে ওইখানে ইউনিয়ন পর্যায়ের স্কুলগুলি থেকে ছাত্ররা আসবে। যাদের অংক পরীক্ষায় পাশ করেতই জান বেরিয়ে যায়, তারা আবার অংক-দৌড় করবে! তাই ফার্স্ট-সেকেন্ড যা হওয়ার তা পৌরসভার থেকেই হবে। ইউনিয়ন পর্যায়ের খেলাগুলিতে নাকি অংক-দৌড়ের প্লেয়ারই খুঁজে পাওয়া যায় নাই। একটা ইউনিয়নে তো নাকি এই খেলাটা বাদই গেছে প্রতিযোগিী না পাওয়ার কারণে। তাই ঐ ছেলেটাই আমার মেইন কম্পিটিটর। মানে র্ফাস্ট সেকেন্ড যেহেতু আমাদের মধ্যে থেকেই হবে, এইবার সেকেন্ড থেকে র্ফাস্ট হওয়ার গোল্ডেন চান্স সামনে। হেডস্যারও তার রুমে ডেকে নিয়ে আমাকে একদিন এই বিষয়ে বললেন। বললেন যে ঐ ছেলেটা চালাক আছে। তোর ধারে কাছে ঘেঁষতে দিবি না, উপজেলার খেলায়। তোকে দেখে দেখে ও ফার্স্ট হয়ে গেছে। সাবধান, এই ভুল আর পরে করবি না। আমিও বুঝতে পারলাম। ঠিক আছে। দেখা যাবে। ওর তো যোগ্যতা মনে হয় আমার চাইতে একটু কমই। কারণ ও প্রথমবার অংক ভুল করেছে। আমি তা করি নাই। তার মানে ওর ঝোঁকটা র্ফাস্ট হওয়ার ব্যাপারে। ও র্ফাস্ট হতে চায়, যে করেই হোক, এর জন্য ও ভুলও করতে পারে। কিন্তু আমার এটা করার সম্ভাবনা খুব কম। কারণ আমি জানি, অংকটাও ঠিক করতে হবে, র্ফাস্ট হতে হলে।

উপজেলা পর্যায়ের প্রতিযোগিতাটা হবে স্টেডিয়াম মাঠে। আমাদের স্কুল থেকে বেশ একটু দূরে। অনেক বড় মাঠ। কোরবানির ঈদে গরুর হাট বসে ঐ মাঠে। আমি সকালে স্কুলে যাবো। স্কুল থেকে হেডস্যারের সাথে স্টেডিয়ামে যাবো। বাসা থেকে বের হওয়ার সময় আব্বা পাঁচ টাকা দিলেন। বিশাল ব্যাপার। তখন প্রতিদিন আমি আব্বার কাছ থেকে আটআনা (৫০ পয়সা) করে পেতাম। ৫০ পয়সা একটু কম হলেও চলে, ২৫ পয়সা দামের দুইটি আইসক্রীম খাওয়া যায় বা পাঁচটা ঝাল আলু ১০ পয়সা করে এক একটা বা পঁচিশ পয়সা করে বড়ই বা জলপাই এর আচার ইত্যাদি। মানে বেশি খাওয়া যায় না, কিন্তু চলে। আব্বা এই পাঁচ টাকা দেয়ার পর তার ব্যাখ্যা দিলেন। স্টেডিয়াম যেতে আসতে দুই টাকা করে লাগবে, চার টাকা। আর প্রতিযোগিতা শেষ হতে দুপুরের পরও হতে পারে। তাই টিফিনের জন্য এক টাকা। তারপরও পাঁচ টাকা। বিশাল ব্যাপার। আমি খুশীতে রওনা দিই।

স্টেডিয়ামে ঢুকে দেখি হাজার হাজার মানুষ। স্টেডিয়াম থই থই করছে। ঢোকার মুখে জিলাপীর দোকান। এক কোনায় চা বানচ্ছে। আর ঢুকেই বাঁ দিকের কোণায় পুরি ভাজছে। হোটেলে গেলে বড়রা মিষ্টি বা জিলাপী খাওয়ায়, কিন্তু পুরি খাওয়ায় না। আমি প্ল্যান করলাম আজকে যে করেই হোক পুরি খেয়ে যাবো। আমি হেডস্যারের পিছন পিছন ডানদিকের এক জায়গায় চলে গেলাম। স্যার একটা চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, এখান থেকে নড়বি না। অংক-দৌড় শুরু হলে আমি এসে নিয়ে যাবো। আর মাইকে ঘোষণা করবে অংক দৌড় এর কথা। আমি বসে রইলাম। পুরির কথা চিন্তা করলাম। এত এত মানুষ। আমি দেখতেই লাগলাম।

একসময় ঘোষণা হলো একটু পরেই অংক-দৌড় শুরু হবে। যে যে স্কুলের স্যারেরা তাদের প্রতিযোগীদের নিয়ে তৈরী হলেন। যেখান থেকে দৌড়টা শুরু হবে সেখানে যাচ্ছি, হেডস্যারের সাথে। এখানে হিট নাই। একটাই দৌড়। ওইটাই ফাইনাল। গিয়ে দেখি ওই ছেলেটা এসেছে। সে আমার কাছে এসে বললো, পৌরসভা থেকেই র্ফাস্ট সেকেন্ড হতে হবে। আমরাই র্ফাস্ট সেকেন্ড হবো। আর তুমি তো ভালোই পারো। কোন সমস্যা হবে না। আমি বললাম, ঠিক আছে। দেখা যাক না। আমি ওর কাছ থেকে একটু সরে গিয়ে আরো দুইজনের পরে গিয়ে দাঁড়ালাম। বাঁশি ফুঁ দিবে। আমিও তৈরী। এইবার আমি র্ফাস্ট হবোই। এছাড়া আর কোন উপায়ই নাই। দৌড় শুরু হলো। এইবার দূরত্বটা অনেক বেশি। অনেক দূরে বোর্ডটা। আমি কয়েকজনের পরে গিয়ে পৌঁছলাম বোর্ডের কাছে। সমস্যা নাই। দৌড়টা মেইন না। অংকটা ঠিক মতো করতে হবে। কিন্তু একি! এতো বিশাল একটা সরল অংক। অনেকগুলি যোগবিয়োগপুরণভাগ। এইটা করতে তো অনেক সময় লাগবে। সময় পার হচ্ছেও। কেউই দৌড় দিচ্ছে না। সবাই অংক করছে। আমার ভয় হচ্ছে অংকটা শেষ পর্যন্ত করতে পারবো তো। ভুল করছি না তো। আবার নতুন করে শুরু করবো নাকি। এইসময় একজন দৌড় দিল। আমি পাত্তা দিলাম না। অংকটা আগে মিলাই। তারপর আরেকজন দৌড় দিল। তারপর সেই ছেলেটা। আমার অংক এখনো শেষই হয়নি। আরো কিছু সময় লাগবে। আরেকটু বাকি। চিৎকার শুনে আড়চোখে তাকিয়ে দেখি হেডস্যার চিল্লাচ্ছে, দৌড় দে, দৌড়াইতে দৌড়াইতে শেষ কর। আমারও শেষ হয়ে আসছে অংকটা। হয় নাই মনে হয়। তারপরও দৌড় দিলাম। সাত আটজনের পরে গিয়া দাঁড়াইলাম। একজন একজন করে চেক করা হচ্ছে। প্রথম দুইজনের অংক ভুল। ওই ছেলেটার চেক হচ্ছে। হেডস্যার আমার পাশে এসে অংকটা দেখার চেষ্টা করলেন। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, হয়েছে কিনা। স্যার কিছু বলার আগেই আমার খাতা চেকের জন্যে চলে গেলো। এই পর্যন্ত কারোরটাই হয় নাই। আমারটাও ভুল হলো। আমার পিছনে আরো অনেকে। সবারটাই ভুল। এখন স্যারদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। কে এই অংকটা দিছে? অংকটা ঠিক আছে কিনা, ইত্যাদি ... .... .. হেডস্যার আমাকে এসে বললেন, আগের জায়গাটা গিয়ে বসতে। প্রতিযোগিতা হয়তো আবার হবে, তখন ডাক দিবেন। বাসায় যাতে না চলে যাই।

আমি ক্লান্ত হয়ে গিয়ে বসে পড়লাম। এবারের দৌড়ের জায়গাটা অনেক বড়। পানি পিপাসা লাগছে। প্রচন্ড রোদ। গরম। ঘামছি বসে বসে। কখন যে ডাকবে আবার। বসা থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম। চারপাশে আরো কত মানুষ। কাউকেই চিনি না। আধঘন্টা। একঘন্টা। দুইঘন্টাও হয়ে যাচ্ছে হয়তো। এইবার হাঁটার সীমানাটা আরেকটু বাড়াইলাম। হঠাৎ মনে পড়লো। আরে! পুরি খেয়ে আসি না কেন! পকেটে তো পাঁচ টাকাই রয়ে গেছে। আমি খুঁজতে খুঁজতে বাম দিকে থেকে ডানদিকে যেতে লাগলাম। মানুষের ভীড়ে হাঁটাও মুশকিল। হাঁটতে হাঁটতে একসময় দেখলাম ভীড়ের শেষ মাথায় পুরির দোকান। প্রচন্ড রোদে কেরোসিনের চুলাটা চলছে। আশপাশটা নরকের মতো প্রায়। চুলার কড়াইয়ে গরম তেল। এখন সিঙ্গাড়া ভাজা চলছে। পাশে টিনের থালায় বিশাল সাইজের বড় বড় পুরি। আমি জিজ্ঞাসা করলাম দাম কত। দোকানী বললো এক টাকা। আমি দুইটা কিনলাম। কাগজের ভিতর ভরে দোকানী আমার হাতে দিলো। পুরিগুলি খুব একটা গরম না। একটু ঠান্ডা ঠান্ডাই। বেশ কিছুক্ষণ আগে ভাজা হয়েছে। তারপরও পুরি তো খাচ্ছি। আমার বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে আমি বড় হয়ে উঠছি। হাঁটতে হাঁটতে পুরি খাচ্ছি। আমার বহুদিনের ইচ্ছা পূরণ হয়েছে। অংক-দৌড়টা তো আর হলো না। অন্তঃত পুরি খাওয়াটা হলো। আমি খেতে খেতে উদ্দেশ্যহীনভাবে হাঁটছি।

এমনসময় হঠাৎ শুনি মাইকে করে আমার নাম ডাকা হচ্ছে। কী ব্যাপার? আমি আমার আগের জায়গাটায় যাওয়ার চেষ্টা করলাম। হাঁটতে থাকলাম আরো দ্রুত। দৌড়াচ্ছি রীতিমতো। মানুষের ভীড়ে পারছি না যেতে। এবার দৌড়ই দিলাম। দৌড়তে দৌড়তে যখন আমার আগের বসে থাকার জায়গাটাতে এলাম তখনও দেখি আরো দূরে সামিয়ানার নিচে দাঁড়িয়ে হেডস্যার আমার নাম ধরে বলছেন, তুমি যেখানেই থাকো না কেন, এই মুহূর্তে এখানে চলে এসো। আর আমার সামনে, আরো দূরে প্রতিযোগিরা বসে অংক করছে। আমি বুঝতে পারছি, এখন আর যাওয়ার কোন মানে হয় নাই। আমি আর প্রতিযোগিতার ভিতর নাই। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শেষও হয়ে যাবে একসময়। আমি আর এর ভিতরে নাই। প্রতিযোগিতার বাইরে ছিটকে গেছি আমি! এই প্রতিযোগিতাতে আমি আর প্রতিযোগী নই। আমি পুরি খাওয়ার জন্যে চলে যাওয়ার সময় দৌড় শুরু হয়ে গেছে। আর আমি মাইকে কথা শুনে দ্রুত দৌড়ে আসতে গিয়ে আমার অর্ধেক খাওয়া পুরিটা কোথাও ফেলে দিয়ে এসেছি। আমি আস্তে আস্তে ক্লান্ত হয়ে হেড স্যারের দিকে গেলাম। ততক্ষণে প্রতিযোগিরা অংক শেষ করে দৌড় দিয়েছে। পৌঁছে গেছে শেষ মাথায়। আর আমি হেডস্যারের সামনে। স্যার আমার দিকে তাকাতেও পারছেন না। বললেন শুধু, এত বড় বেকুবিটা করলি! তারপর গিয়ে একে ওকে ধরার চেষ্টা করলেন। আবার কিছু করা যায় কিনা। দুপুর তিনটা প্রায় তখন। কাউকেই আর রাজি করাতে পারলেন না তিনি। আমাকে বললেন, যা বাসায় চলে যা। কালকে স্কুলে দেখা করিস। আমি প্রতিযোগিদের পাশ দিয়ে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছি। ঐ ছেলেটা এবারও র্ফাস্ট হয়েছে। র্ফাস্ট হওয়াটা তো খারাপ কিছু না। ভালোই হয়তো। আমার কিছু চিন্তা করতেও ভালো লাগছে না। এতো খারাপ লাগছে। বারাবার ভাবতে লাগলাম, কেন আমি পুরি খেতে গিয়েছিলাম। ওইটাই সব নষ্টের কারণ। আমি আর জীবনেও পুরি খাবো না।

অবশ্য এই ঘটনায় বাসায় তেমন কোন প্রতিক্রিয়া হলো না। মানে একদম কিছুই না। প্রতিযোগিতার ভিতর এইরকমটা যেন ঘটতেই পারে। কিন্তু আমিই মানতে পারছিলাম না। আমি আর কোনদিনই পুরি খাবো না। এইটাই ভাবতে লাগলাম শুধু।

পরের দিন বেশ আগে আগে স্কুলে চলে গেলাম। আমাদের ক্লাসরুমে গিয়ে বসে থাকলাম। হেডস্যারের রুমের সামনে দিয়ে একটু হেঁটে আসলাম। দেখলাম স্যার খুব চিন্তামগ্নভাবে বসে আছেন। আমি তার রুমে ঢুকলাম না। আবার ক্লাসরুমে গিয়ে বসলাম। একটু পরে দপ্তরি এসে বললো, হেডস্যার আপনারে ডাকতাছে। আমি খুব খুব আস্তে আস্তে হেঁটে স্যারের রুমে গেলাম। স্যারের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। স্যার চেয়ার থেকে উঠে বললেন; এইটা তুই একটা কাজ করলি! একটা নিশ্চিত প্রাইজ তুই নষ্ট করে দিলি! আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। স্যারের দিকে তাকানোর সাহসও হচ্ছে না। আমি জানি এইসবই সত্যি। শালা কেন যে আমি পুরি খেতে গেলাম! বেয়াদব কোথাকার! বলে হেডস্যার বিশাল এক চড় দিলেন আমার গালে। অপমানে না, ব্যথায় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চোখমুখ অন্ধকার হয়ে আসলো। কিছুক্ষণ পর শুনি স্যার বলছেন, যা এখন। আমি চলে আসলাম, ক্লাসরুমে। আমার চোখ দিয়ে তখনও পানি পড়ছে। একটা মেয়ে চলে আসছে। শে বিস্ময়াভুত হয়ে জজ্ঞেস করলো, হেডস্যার তোমারে চড় দিছে! আমি ভাবলাম ঠিকই আছে। শালা, তুমি গেছো পুরি খাইতে!

সারাদিন স্কুলে এইটাই আলোচনার বিষয় হয়ে উঠলো যে স্কুলের সেরা ছাত্র হেডস্যারের চড় খাইছে। ক্লাসরুম থেকে শুরু করে টিচারস রুম পর্যন্ত। বেশিরভাগেরই মতে, ঘটনা যা-ই হোক স্যারের চড় দেয়াটা ঠিক হয় নাই, ওর তো আর দোষ নাই, এইরকমটা হইতেই পারে। একজন আপা তো ডেকে নিয়ে একটু সাত্বনাও দিয়ে দিলেন, মন খারাপ করো না, এরকম হয়ই। আবার অনেকে বললেন, একজন স্যার তো একজন ছাত্রকে চড় দিতেই পারেন। স্যার তো আর এমনিতে রাগ করেন নাই। স্কুলের নিশ্চিত একটা প্রাইজ মিস হলো! এর পক্ষে ও বিপক্ষে এইরকম অনেক মতামত জড়ো হলো। বলা বাহুল্য আমি এই চড় দেয়ার পক্ষে ছিলাম। কারণ, শালা তুমি পুরি খাইতে যাও!

তবে যা-ই হোক। শেষ পর্যন্ত আমি আমার এই্ পণ এ অটল থাকতে পারি নাই। এখনো রাস্তায় গরম পুরি দেখলে, কিনে নিয়ে খেতে খেতে বাসায় যাই। ভ্যারিয়েশন বাড়ছে। ঢাকা শহরে এখন নানারকম পুরি পাওয়া যায়। এখনো আটআনার পুরি পাওয়া যায় মৌচাক মার্কেটে। পাঁচ টাকার বিশাল কিমা পুরি পাওয়া যায় মিরপুরে। আলুপুরি কম পাওয়া যায়। বেশি পাওয়া যায়, ডালপুরি। তবে ভিতরে ডাল থাকে না। খালি ময়দার আটি। আর দুইটাকারটার চাইতে একটাকারটাই ভালো। আমি মাঝে মাঝেই ভাবি, পুরি আর খাবো না শালা। এইটা অপয়া। এর লোভ আমাকে প্রতিযোগিতা থেকে বের করে দিয়েছে। কিন্তু তারপরও আমি পুরি খেয়েই চলি। ভাবি এই ঘটনার কথা। পরাজয়ের গ্লানির চাইতেও আরো রূঢ় সেই অভিজ্ঞতার কথা। আমার যাবতীয় অ-সাফল্য, না-পারা বেদনা যেন এই পুরি খাওয়ার দৃশ্যের ভিতর দিয়াই বাস্তবিক রূপ পায়।

এপ্রিল, ২০০৭.

Wednesday, March 5, 2008

কায়েস আহমেদ

কায়েস আহমেদ


কায়েস আহমেদ যখন মৃত্যুর গল্প লিখতেন, তখন তার মনের অবস্থাটা কী রকম ছিল? মানে কী কারণে তখন তিনি চিন্তা করতেন এইরকম করে বা লিখতেন এইরকম করে। কী রকম করে লিখতেন তিনি, এই কথার উত্তর দিতে গেলে লাগবে তার গল্প থেকে উদ্ধৃতি, আক্ষরিক প্রমাণ। কেননা যেহেতু তিনি আত্মহত্যা করে মারা গেছে, এর মানে তো এই নয় যে, তিনি কেবলমাত্র মৃত্যু নিয়াই ভাবছেন এবং লিখছেন। সুতরাং জরুরী, তার উদ্ধৃতি। আর এটা খুবই আশ্চর্যজনক যে তার কোন গল্পের বই আমার কাছে নাই। হয়তো আর্কাভাইল টাইপের না আমি। নিশ্চয় অন্য কেউ কেউ সংগ্রহ করেছে বা পড়ছে তার গুমোট, দম-বন্ধ করা বনর্ণাগুলি, স্যাঁতস্যাঁতে প্রেক্ষাপটে কাহিনীর মোচড়া-মুচড়ি; আরে বাবা কী আর বলতে চাইছো তুমি; জীবন হঠকারী আর মৃত্যুটা সৎ! এইরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে বলো না একটা কিছু! নাকি বলেছিলে?

আমি চিরায়ত সাহিত্যের ভিতর গুমটি মেরে বসে থাকা উইপোকা; বই খেতে খেতে অন্ধ; কী যেন বলেছিলে তুমি এইরকম ভাব করে মনে করার চেষ্টা করি। আসলে তো ভুলে আছি সমস্তই। দেখছো, কনফেস করতে শুরু করছি। মানে, দৃশ্যের যে বনর্ণারূপ তার ভিতরই আটকে পড়ে থাকা তোমার ব্যক্তি অনুভূতি। আর যে কাহিনীর আড়াল তাতে লুকানো তোমার সত্তা। কত যে চেষ্টা তবু পারছে না লুকাতে, পারছে না প্রকাশিত হতে।

আমিও পছন্দ করি মৃত্যু, বিশেষ করে যখন সে ঘাপটি মেরে বসে আছে, তোমার ঘাড়ের উপর ফেলছে তার গরম নিঃশ্বাস, কেবলই আরো একটা সম্ভাবনা; বিন্যাস, ছড়ানো পথের উপর, এইরকম একটা পরিস্থিতি। আর এই সম্ভাবনা ঘনীভুত হয়ে উঠেছিলো কেন তার অপশনগুলির মধ্যে; কী করে সে হয়ে উঠলো একক? একমাত্র অল্টারনেটিভ?

কায়েস আহমেদের বইগুলি কী প্রকাশ করেছিলেন মফিদুল হক? নাকি মাওলা? কী রকম বন্ধু ছিলেন তারা? অথবা তার অনান্য বন্ধু-বান্ধব? তারা নিশ্চয় কোন স্মৃতি পাঠাগার বানিয়েছেন? ইলিয়াসকে যখন সাজিয়ে রাখেন পটে, শেলফের উচ্চতর তাকে, হাসান কে দেন পুরস্কার, মাহমুদুলকেও ভুলে যেতে গিয়ে, যেতে দিয়ে, হারাইয়া ফেলেন না আর হক ভাই তো জিন্দাবাদ; তাহলে কায়েস কেন এক কোনায়, একটা সাবজেক্ট নিয়া ক্রমশঃ দূরগামী, রামপুরা রোডের কাঠবডি বাসের মতোন, মেট্টো থেকে হারিয়ে, বি.বাড়িয়া-দেবীদ্বার রোডের অনিয়িমত ক্লায়কেশের বেঁচে থাকা সেই পাঁচ বছর আগে; এখনো আছেন নাকি, এই প্রশ্নবোধকতার ভিতর চাপা পড়ে আছেন কি নেই এই ভাবনার ভিতর, হয়রান আমার মন।

খুঁজলে নিশ্চয় পাওয়া যাবে তার বই। কায়েস আহমেদ সমগ্র। শাহবাগে না হলে নিউ মার্কেটে হয়তো। কেননা ষাটের দশক নিউ মার্কেট হয়তো এখনো ভুলতে পারে নাই। কিন্তু এই গুলশানে কিংবা ধানমন্ডি, কিংবা ডিওএইচএস? যেখানে বাংলা-সাহিত্য প্রতিদিন গড়াগড়ি খাচ্ছে বলে ভাবছি আমি? যেহেতু আমি বাড্ডায় থাকি। আর যারা থাকেন ইউনির্ভাসিটির শান্ত নিরব কোয়ার্টারে, জ্ঞান-চর্চার নিবিড় পরিবেশে কিংবা নিকুঙ্ঞে, উত্তরায় যাদের বসবাস, তারা কী করে কায়েস আহমেদের খোঁজ করবে? চিটাগাং এ? রাজশাহী থেকে? কিংবা নেটে? তাকে কী খুঁজে পাওয়া যাবে? যাবে নিশ্চয়। কী বলেন, কায়েস আহমেদ, এই রাত্তিরে আপনি যখন একটি র্পাশ্বরূপ হয়ে জেগে উঠতে চাইছেন, আমার সত্তার ভিতরে; আপনি নিশ্চয় পথ দেখাবেন। মানে, আপনি কী চান পুনারাবিস্কৃত হতে? হতে দেবে তা সাহিত্য-সমাজ? ঘটা করে আপনার জন্ম-মৃত্যু দিনে কী ক্রোড়পত্র বের হবে, মিনিমাম ‘স্মরণ’ শিরোনামে বন্ধুকৃত্য; কতো ভালো ছিলি রে ওরে ময়না-টিয়া; লোল পড়ছে মুখ বেয়ে; কবর থেকে উঠে আসবে তুমি, তোমাতে ভর করে দিয়ে দেয়া যাবে আরো অনেক ডেথ সার্টিফিকেট . . . আরো কতো বাল-ছাল ছিলো না, ওদেরকেও নিয়া আসো . . . এইরকম কথাও কিন্তু বলবে লোকে . . . হুমম . . .

সুতরাং তুমি মারা গেছো। তুমি বিগত। এই কথা জানলো এখন পাঠক। বলদ লেখক হৈতে বিলাই পাঠকই উত্তম।

শুরু হোক তবে গালাগালি! কিন্তু কায়েস আহমেদ ছিলেন মধ্যবিত্ত রুচির অধিকারী। টান টান ছিল তার গদ্য। দৃশ্যকল্পের ঘন বুনোট। ফাঁসির দড়ির মতোই শক্ত ও ভার বহনে সক্ষম বস্তুর, অর্থাৎ মানুষের। মানুষ একটি সাবজেক্ট এবং তাকে অতিক্রম করে যেতে হবে। ক্রমাগত অতিক্রম করতে করতে, হোঁচট খেতে খেতে, নিটশে পড়তে পড়তে, ক্যামুতে ডিগবাজি দিতে দিতে, সার্ত্রকে আটকাতে আটকাতে, কুন্ডেরাকে কান্ডারী ভাবতে ভাবতেই কী আর কায়েস আহমেদ মার্কসকে আপন দাদা বলে ভাবতে পারেন নাই। স্রোতহীন জীবনের ভিতর যে লাশ পড়ে আছে, তার পা আর চলতে চায় না বলেই কী একাকীত্ব, দহন? বাসে চড়ার টিকিটটার মতোন উড়ে গেলো হায়, এই তো জীবন বলে ফুঁ করে সিগ্রেটের ধোঁয়া ছাড়া যাই নাই বলে . . . ক্রমাগত অর্থ, প্রগমন; অর্থাৎ কিনা যেই সম্ভাবনাগুলির ভিতর এখনো আমার যাতায়াত শুরু হয় নাই, তুমি আসছো নিয়ে যেতে . . . দেখো, এই সেই পথ, তুমি দাঁড়িয়েছিলে আর আজ আমিও ভাবছি, যা কিছু অসম্পূর্ণ, তার নামই সত্য। সম্পূর্ণতাই মিথ্যা। স্থিরতা মানেই অনিদ্রা। নিদ্রার প্রবাহমান জীবন। জীবন মানেই উইয়ের ঢিবি। মৃত্যুর আকাঙ্খা।

এত যে হল্লা-চিল্লা। দিন শেষে নিক্তি দিয়া মাপা জীবন। বলো হে উমাচরণ, এইটা কী? কোন গোল্লায় যাবে এই বোকাচোদা, কাঁদতে কাঁদতে গরুর মতোন। বেঁচে থাকা ছিল কী এইরকমই এক বিভীষিকা? মূল-উৎপাটিত, না-বোঝা, শেকলের জন্য কান্না, পরাও হে দড়ি, আমারে নিয়া চলো, জীবিকার কাছে . . . সারা দিন প্রাণপাত করি . . . অন্ন জোটে কী জোটে না . . . তারপর মুচি ছেঁড়া জুতা পায়ে ঢুকে পড়ি অন্দর মহলে . . . আসে না কোন কথা . . . কেবল অবলোকন করি . . . কী যে লীলা এই জগতদাত্রীর . . . মহামহিমের চিতায় বসে জ্বালাই আগুণ . . . শালার জীবন একটা, তাও তো পুড়ে না অথবা শীতল, প্রাত্যহিক জীবন-বাসনার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছে যে বীজাণু, তার নকশাই কেবল ভাসছে চোখে . . . . আসলে তুমি কী বলেছিলে কায়েস, তুমি কী সত্যিই মরতে চেয়েছিলে?

মৃত্যু-চিন্তা কিংবা মরণ এই শব্দসকল নিয়া ভাবতে ভাবতে মনে হৈল, কায়েস আহমেদও ভাবতেছেন আমার সাথে সাথে, উস্কানি দিচ্ছেন, লেখো না . . . লেখো . . . লেখো . . . তারপর আমি দেখি তিনি কথা বলতে শুরু করলেন, অনেক অনেক কথা, মৃত্যুর কথা তিনি আর বলেন না, আর তিনি যা-ই বলেন না কেন আমি শুনি মৃত্যুর প্রতিধ্বনি। তার প্রতেকটা কথা একটা মৃত্যুর বীজাণু। তার প্রতেকটা দৃশ্যকল্প। প্রতেকটা শব্দ। এইরকম কেন যে হয়! এক একটা মানুষ, এক একটা শব্দ দিয়া ডিফাইন করা হয়। করা যায়। ডুপ্লিকেট তৈরী হয়। যমজ হয়। এ হয় ওর মতো। ও হয় এর মতো। জীবন হয় মৃত্যুর মতো। সবকিছুরই ব্যাখ্যা হয় রিলেটিভ টার্মে। জীবন মানেই তো মৃত্যু। মৃত্যু মানে কায়েস আহমেদ এর গল্প। এই মুর্হর্তে।

এইরকম একটা গরম লোডশেডিং এর রাতে। স্যান্ডো গেন্ঞি গায়ে দিয়ে। হারিকেনের আলোতে। ঝাপসা হয়ে উঠা চোখে। বেদনা ও অনিদ্রায়। পরাজয় ও স্থবিরতায়। হঠকারী চিন্তাগুলির আড়ালে। কায়েস আহমেদ। তার অস্পষ্ট একটা ফটোগ্রাফ। উঁকি দিলো যেন। কোন এক অন্ধকার থেকে। যার কোন পরিচয় নাই। ম্লান একটা অবয়ব। অবোধ একটা চাহনি। যার সবই মুহূর্তের খেলা ও ফাঁকি। মারফতি।

বাঘের আক্রমণ থেকে রেহাই পেলো যে হরিণ মৌলবীর সহায়তায়, কিছুক্ষণ পর, শিকারীর তীর আবার বিধঁলো তাকেই।

কথার শেষে

কথার শেষে

একদল ত্রিশবর্ষীয় যুবক গেলো সাদা রঙের টয়োটা গাড়ী চড়ে, তারা গাইছিলো, “আগে জানলে তোর ভাঙা নায়ে চড়তাম না ... ...”। রিপন গান গায়। তাই শুনে ডানা ভাঙা এক পাখি এলো হেঁটে। “বেড়াল ভঙ্গিতে কাঠামো হেঁটে যায় ... ...” যেহেতু পাখি, তার লজ্জায় গান হয় না। একমুঠো ধোঁয়া। এহতে পান্ঞাবি গায়ে হাসে এই বুঝে। আকাশে চাঁদ কী চমৎকার! চন্দ্রা নিরব, ভঙ্গিতে গম্ভীর বসে। বায়রণ হাসে পদ্যের মতো। আর গান হয়, রিপনের। মামুন আসে। এসে বসে। হাসে। নিরব হাসাহাসিতে মগ্ন এই সন্ধ্যা। সন্ধ্যা মানে পালকের ন্যায় নরোম, কোমল উষ্ঞতা।

কৃমিক্রীটের মতো একা বসে থাকা কী নির্জ্জল সড়ক র্দূঘটনার প্রায়। তা-ই রাত ক্রমাগত বলছিল সংখ্যায় আর এই মুহুর্তে প্রেম হয়, উঠে যাওয়া কোথাও ১ টি কান্নার দেশে। তাই পাখি যায়, আমি যাই না।

ডানা ভেঙ্গে পাখির হেঁটে যাওয়া কী বিশ্রী !

তারপর আরও গান, আরও ফুল। আরো আরো ধোঁয়া, ধোঁয়ার কল্পনা, মাটি, জল, পবন, হুতাশন। বাকাঁচোরা কৃমির তড়পানো ড্রেনের পাশে হা-হুতাশ দেখে রিপন বলে, ‘তুমি কেন মার্কসিজম পড়বে?’ ইহা তত্ত্ব-সমন্ধ^ীয় প্রশ্ন। চিন্তা-ভাবনারে রেগুলেট করতে চায়, অর্থাৎ কিনা, উদ্দেশ্য, কর্ম-বিধান, ভবিষ্যত-পন্থা ইত্যাকার। যেমন, সত্তা ও গান, অস্তিত্ব আর প্রাণ। যেখানে, সময় একটা চেতনা তৈরী করে, যা অবান্ঞিত মনে হয়। আর তা নিয়াই হইচই। যে কেউ এতে প্রবিষ্ট হৈলে প্রথমেই ভাবতে চাইবে এর দুর্বলতা - কী ও কেন? শেষ পর্যন্ত এই অর্থহীন তাকে ব্যক্তিত্বে পৌঁছতে বাধ্য করবে - যা মনে হয় এর সৃষ্টিকর্তা ও ধ্বংসকারী। এই বিভ্রান্তিটারে মহৎ কৈরা তোলা অহেতুক; কেননা শূন্যতা, স্থানের ও কালের একও তো হৈতে পারে। অসর্মথ ও বোধের গম্যতার বিষয়গুলি। যা বাস্তব নয় আর যা স্বীকার না করলে আমরা বেঁচে থাকতে পারছি না। অদ্ভুত আর পিচ্ছিল। ‘সময় দীর্ঘজীবি হোক’ - এ্ইরকম শ্লোগান দিতেও মাঝে মাঝে ইচ্ছা করে, আর এই ইচ্ছা বিব্রতও করে এই ভেবে, যদি এইসব ভাবনা কারো উপর ভর কৈরা তারে শীর্ণ ও দীর্ঘকায় করে তুলতে থাকে, তাহলে এক ভীষণ অপরাধবোধেরও জন্ম নিতে পারে, যার ভার বহনে সময়ও নিতান্তই অসহিষ্ঞু হবে। এতসব গোলক ও গল্প আছে পৃথিবীর; আর এইটা মাত্র একটা, যা শেষ হৈতে গিয়াও ফিরা আসবে, আর পারবে না। আমি সবকিছুরে গুলাইয়া উদর-পূর্তি করি। তলপেটে ভীষণ চাপ অনুভব করি, উঠে দাঁড়াই।

“আমি প্রসাব করব, আপনারা কী প্রসাব করবেন?” রিপন ও মামুন দু’জনেই নিরুত্তর। কিছুদূর উঠে গিয়ে অন্ধকারের মুখে, দেয়াল ঘেঁষে, শব্দ হয়। ছরর ...ছরর ...ছর ...

বিশ টাকা-ই সম্বল, বিষের টাকা। এই টাকাতেই যাবে রাত। কাঁটাবনের মোড়ে গিয়া হয়ত দেখব, শাদা পোশাকের দুইজন পুলিশ দাঁড়ায়া আছে। আমি রবিনীয় পদ্ধতিতে চিন্তা শুরু করি। শাদা পোশাকের পুলিশ যতক্ষণ না ধরছে, ততক্ষণ পর্যন্ত স্বীকারই করব না যে, আমি সে-ই। লোকজন সব একজন একজনের মতই চলতেছে। সম্পূর্ণ ভিন্ন দু’টি ব্যক্তি কী করে ঘটনাটা সর্ম্পকে একই সিদ্ধান্তে পৌঁছাবে। তাদের সম্ভাবনার গতি-প্রকৃতি তো এক না। বাস্তবতা, সাধারণ যুক্তি বলে একটা বিষয় তো আছেই, তারপরও মাত্রাটা ভিন্ন হৈতে হৈতে একটা পর্যায়ে এসে তারা মতদ্বৈততার বিষয়টা খুঁইজা পাবে - একদম নিশ্চিত হৈয়াই এইরকমটা ভাবা যায় (যা করণীয়, তা হৈলো সময়টা দিতে পারা, যার অগ্রগতি ক্রমশঃ ঘোলাটে কৈরা তুলতে পারে ঘটনা ও ভাবনাগুলিরে)। আর মতদ্বৈততার ফলে সিদ্ধান্ত হিসাবে তারা পরবর্তী করণীয় বাইর করবে ভিন্ন। কিন্তু পরবর্তী সময়েও যেহেতু অস্তিত্ব একটাই, তাহলে কেবলমাত্র একটা করণীয় তারা চাপাইতে পারবে ঘটনার উপর। আর আমি অভিযুক্ত বলে তাদের হাতের ক্রীড়নক; কিন্তু তারাই নিশ্চিত হৈতে পারবে না অস্তিত্ব ও কর্ম বিষয়ে। একক অস্তিতের¡ উপর দ্বৈততার আরোপ বেমানান, আরো বেশি বলে অসম্ভব। আর অসম্ভব না হৈলে সূত্রপাতই হইতাছে না কোন। যেইখানে কোন শুরু নাই, সেইখানে শূন্য, কোন ভাবনা ও প্রযুক্তি নাই। আর যে কোন শুরু হবার সাথে অন্তঃত দুইটা বিষয় জড়িত। একত্বের ব্যাপারটা এতটাই অসম্ভব যে, মনে হয়, এইটারে সম্ভব ধইরা নিতে হবে। এইখানে নৈতিকতার খুঁটি পোতা হয়। জমির সীমানা ভাগাভাগি করার সর্বজনস্বীকৃত নিয়ম। যে কোন একত্বের বাস্তবতা কর্মই তৈরী করে। সেইজন্য কর্মপ্রক্রিয়াকে চেষ্টা করা হয় সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট ও পবিত্র করার। এরা চিহ্ন দিয়া দেয় সবারই পৃষ্টদেশে একবার। কে যে এটা দেয়, তা অনির্দিষ্ট থাকে না, কিন্তু অনুক্ত থাইকা যায়। আর এই না-বোঝতে পারা সবসময় উদ্বুদ্ধ করে জাগতিক কল্পনায়; কী কী হৈছিল, কী কী হৈতে পারে। আর ভাসায়া নিয়া যায়, বিচ্ছিন্ন করে পরস্পরের ভাবনার যোগাযোগ। সংঘবদ্ধতা তাই নিরাপত্তা, বিচ্যুতি থাইকা রক্ষা। জড়িত সবাই নড়বড়ে, একই মুখাপেক্ষী হবার আগ্রহে অধীর ও বিচ্যুত হৈতে থাকে নিজস্বতার কেন্দ্র থাইকা। সংঘ ও ব্যক্তি একটাই প্রতিষ্ঠান যেন, এইভাবে বিশ্বাসী সবাই শূন্যতার একত্ব প্রতিষ্ঠায় মগ্ন, অনৈতিক ও অগূঢ় পতনে বন্দী; কোনদিন নিজেরে খুঁজতে গিয়া উদ্বায়ী জল হৈয়া উইড়া যাবে। সাধারণ ও স্বাভাবিকতা কীরকম অসম্ভব ! তবু তাই ঘটবে। শাদা পোশাক পড়ে পুলিশ-ই দেখব, শেষ পর্যন্ত! আমি আর আগাইতে পারি না। পথভ্রষ্ট পইড়া থাকি। দেখি, দুঃখ-মলিন কত দেবতা ও মানুষ, এইরকম যায় আর আসে।

এরপর টি.টি. খেলব, আমি আর মামুন। “আপনে লিনুরে চিনেন?” ‘ও আমার স্কুলে পড়তো’ “ও রাজশাহীর মেয়ে, জানতাম না তো !” তারপর আর খেলা নয়। ব্যাঙ ধরা বেশ মজার বিষয়।

‘তুমি তো অনুভূতি লিখবে, এইসব দেখার তোমাদের তো প্রয়োজন নেই।’

আমার সাথে আর কে ই বা যুক্ত! সংঘবিহার, যুক্ত-মনোস্কামনা, শ্রেণী-উপলদ্ধি, হা রে স্যাডিষ্ট মন, তুমি কী ঘুমাবা না! ঘুম মানে ক্লান্তিঘর, সেইখানে আমরা আসবাব সাজাই, আসো। তোমার আহ্ববান! অনুভূতির পৃষ্টদেশে এইরকম সপাং। যেন দিন, আরো দীর্ঘ দিনের ভিতর ছড়ায়ে যাওয়া। যখন আমি একা, এই নিভু নিভু আলোর কাছে নত, দেবতার স্পর্শ ছাড়া; করুণ বাস্তবিক, বারবার জেগে উঠতে চেয়ে মুষড়ে পড়া। একটা অস্ফুট ধ্বনি-প্রবাহ লিখেই ক্লান্ত। যে অফুরন্ত যাত্রার পথে নিমেষেই কত কত আলোকবর্ষ ম্লান হৈয় যায়, তার ভাবনায় উৎকন্ঠিত, গতির প্রবাহে স্তিমিত, নিশ্চল। হয়ত হাওয়ার বুকে এই রাতে ভেসে যাচ্ছে কত স্নিগ্ধ ফুলেরা আর কষ্টে-সৃষ্টে লেখা, কোনমত বেঁচে থাকা। কোনদিন তাও ফুরাবে। গ্লানি নিয়া বেড়াব, কোন নির্বাসনেও ঠাঁই নাই। হঠাৎই তো হারাইয়া যাওয়া যায়, তাও দেখছি, যদি ক্রমপরম্পরায়, ধীরে ধীরে, তাও। জীবনের সকল গৌরব মৃত্যুতেই সীমাবদ্ধ নয় কেবল, বেঁচে থাকাতেও বিস্ময় আছে। আমি সীমাবদ্ধ, সেই প্রপাতের সামনে দাঁড়ায়ে কেবলই জ্বলছি। আহুতি দেব অস্তিত্ব-মেঘ। দেখবো মৃত্যু, দেখবো জীবন কত দীর্ঘ হয়ে শুইয়া আছে ঝর্ণার পাশে, বনানীর সম্ব্রান্ততার ভিতর; দেখবো বিশুদ্ধ উৎক্রমন তার! তবু আমার শরীরের সাথেই পারতেছি না আমি, বারবার পড়ে যাচ্ছে সে, ন্যুব্জতায় যাইতে যাইতে, আরো নুইয়া পড়তাছে সে, পারছি না কিছুতেই মেনে নিতে এই আবহাওয়া, বিকার। আর অসহায় আমি চেষ্টা করছি কেবল কাঠামো ধইরা রাখতে, যেন সে ভাইঙ্গা না পড়ে, হঠাৎই, পথের মাঝখানে। এই নিরবতার গলি-ঘুপচি ক্রমশঃ আগাইয়া আইসা একটা কুঠুরীতে আইনা দরজা বন্ধ কৈরা রাখছে; দমবন্ধ একাকীত্বে, মৃত-প্রায়, কেবলই হাঁসফাঁস, সারাক্ষণ। এই অন্যায় জীবন প্রণালীর প্রতিকার খুঁজতে খুঁজতে সারাদিনমান আরো বদ্ধ। দিন-রাত অসহায় শুইয়া থাকা, মুখ ঢাইকা রাখা - নিপতিত অন্ধকারে; আরো ধূসর হয়ে জীবন যে কোন সুদূরের পাড়ে আত্মাহুতিতে মগ্ন! তবে কোথায় পইড়া রইলো এই কোলাহল, স্তিমিত সৌরভ, কান্নার শুকাইয়া যাওয়া জল .... এই থাকা, স্বার্থপরতা, দুশ্চিন্তা ক্রমে ক্রমে নিশ্চিহ্ন করতেছে আমাকে। পবিত্র কলন্কের রেখাও যে রইলো সমান্তরাল দূরত্বে। উত্থানরহিত দিন, কেবল লুকায়ে ফেলা; আবরন নাই তাই, জাগতিক ভ্রুকটি, অন্যায় হৈয়া চাইপা বসলো কাঁধে। তার ভার নিয়া যাইতে যাইতে ন্যুব্জতায়, আকাশের প্রার্থনা ভুলে, দেখি মাটিতে পিঁপড়ার দল, ডানা মেলছে ক্ষণিক আশ্বাসে, ভাবছি, তুমি আজ কোন আকাশে, ভেসে ভেসে অনিশ্চিতের, এখনো চলেতেছো। তোমারই তৃষ্ঞায় - কেবলি মৃত্যু পতিত জীব আর ক্রিয়াকলাপ। এই বৈশিষ্টতায় ম্লান, আরো নুইয়া পড়ি, আরো বুঁদ হৈয়া আছি, অন্যায় প্রবণ প্রণালীর কাছে, স্তব্ধ মুখ, বিদায়ের কারুকাজে। অথচ অন্য কোন শুরুর ভিতর নিপতিত কাল, অব্যয় ও সমাধি। ‘মৌনতায় চলে যাওয়া, এ আর কী রকম মৌলিক’ - বলছে বুনো-ষাঁড়ের রোদ, ক্ষিপ্ত মহাস্থবির দিন। দিন, তারে গুনতে থাকি, তারপর তারে ছাইড়া দিয়া প্রপাতের উপর বসি - সে ভাসাইয়া নিয়া চলে, অমৃতলোক, তার ঠিকানায়, আরো বহুদূরে; হয়ত দিন, সেইখানে নিশ্চিহ্ন হৈয়া আছে। মোহময়তায়, তার পালক, এইভাবে একটা পথে চলে যেতে যেতে বলে, তার চিহ্ন রেখে যেতে; অনুনয় করে, যেন সবাই চলে আসতে পারে, হতাশাগ্রস্থতার ভিতর থেকে, অন্যায় প্রণালী থেকে, বিচ্ছিন্নতার একটি গোলক থেকে নিরবিচ্ছিন্নতার দিকে ক্রমশঃ নিজেদেরকে বিলিয়ে দিতে পরস্পরের মাঝে; আর এইভাবেই কেবল আমার মুক্তি, আমাকে ডাকছে, যেন অগম্য নয় কোন পথিকের গান।

‘হেঁটে আসি চলুন।’ চা খাবো না। বেলী ফুল। যে গেছে কালো মরুর দেশে, তার স্মৃতি মনে আনি। সম্মুখে বাজে, দড়াম গুলির শব্দ। ‘গুলির শব্দ কীভাবে হয়? টেবিল থাপড়ানো হঠাৎ এবং জোরে?’

তবে ‘মূল’, তবে ‘আসল’ বিষয়টা বেশ জটিল। যা বারবার ঘটনা ও ভাষাভঙ্গির পাশে অনুক্ত থাকছে, একদিন হয়ত তারাই উঠে আসবে; এতসব বনর্ণার ফাঁক গলে বাইরে আসবে, বলবে নিজেদের কথা ও কাহিনী। এখন যা কেবল সুদূর পরাহত ভাবনার বীজ হয়া ভাসছে হাওয়ায়; আর হাওয়া, দিগন্ত প্রসারী হয়া যে আলোকপিন্ড আসে, জড়িয়ে নিলো নিজেদের সর্ম্পকের আবরণে, মুখোশের মৌলিকতায়, নিজস্ব ঢাল সংগ্রহে ছড়িয়ে পড়ছে সবাই, দূরান্তের পথ বেয়ে রেখে যাচ্ছে স্বপ্ন অতিক্রম ও বাস্তবতার বিচ্ছেদ; নিজেদের এক একটি ব্যক্তিগত চিরকুট, সাংকেতিক চিহ্নভরা; আমিও লিখছি একই ক্রম, পরস্পরের সংযুক্ত ভাবনাগুলি ।


রচনাকাল: ১৯৯৫.